জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সুনির্দিষ্ট ৩৪ জন এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় অন্তর্ঘাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত যৌথ বাহিনীর ক্যাম্প ও পাশের একটি বিদ্যালয়ে ব্যবহৃত পানি ব্যবহার করার পর কয়েকজন পুলিশ সদস্য শারীরিক অস্বস্তি অনুভব করেন। পানি চোখেমুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ, জ্বালাপোড়া এবং পানির রং পরিবর্তিত হয়ে সাদা ফেনা দেখা যায়। পরে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিকভাবে ওই পানি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় ভূমিদস্যুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, এ কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি চক্র বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। এর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ক্যাম্পে হামলার ঘটনাও ঘটেছে। সর্বশেষ পানিতে বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনাকেও একই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ওই পানি ব্যবহারের ফলে ৩ থেকে ৪ জন সদস্য পেটের সমস্যা ও হালকা অসুস্থতায় ভুগলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠেছেন।
পুলিশ জানিয়েছে, পরীক্ষার ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: