২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ লটারির মাধ্যমে পরিচালিত হবে। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
সেসময় তিনি বলেছিলেন, নতুন শিক্ষাবর্ষে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, যাতে সবাই সমানভাবে প্রতিযোগিতার সুযোগ পায়।
তবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় সেই সিদ্ধান্তে আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারি ব্যবস্থা বহাল থাকলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়। পরবর্তী বছর ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি কার্যকর করা হয়। তবে সে সময়ও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্ত আগামী ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মূল্যবান মতামত দিন: