৭ কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ডিসিইউতে অন্তর্ভুক্তির দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দ্রুত রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চলমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিত করা। বর্তমানে ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্ত হয়ে পড়াশোনা করছেন। তাদের দাবি, এসব শিক্ষার্থীর মধ্যে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ডিসিইউতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, গত ২৫ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচকভাবে বিবেচনা করছে। এ অবস্থায় অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিবেচনাধীন থাকা এবং এ জন্য রোডম্যাপ তৈরির কথা বলা হলেও বাস্তবায়নে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এম এ মানিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলেও শিক্ষার্থীদের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হয়নি।
তিনি বলেন, ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ডিসিইউতে অন্তর্ভুক্ত করা হবে কি না, সেটি প্রশ্ন নয়; বরং তাদের দাবি হলো এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
এম এ মানিক আরও বলেন, ডিসিইউর উপাচার্যসহ প্রয়োজনীয় প্রশাসনিক পদগুলো নিশ্চিত হওয়ার পরও আলোচনা ও মতবিনিময়ের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। প্রতিটি সেশনের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তি এবং একাডেমিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানান তিনি।
ঢাকা কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ঢাবির অধীনে গত চার বছর ধরে সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন। এর ফলে পরীক্ষা ভালো দিয়েও অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সনদে ‘Affiliated’ শব্দ যুক্ত করার মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছে। অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রয়োজনীয় ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, শিক্ষক, উপাচার্য ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।
সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইগ্রেশনের বিষয়ে সম্মত থাকার পরও ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের দ্রুত ডিসিইউতে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত তাদের ডিসিইউতে অন্তর্ভুক্ত করে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম শেষ করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সব সেশনের শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শিক্ষা ভবন বা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আপনার মূল্যবান মতামত দিন: