অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে বাজারই বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা
এলাকার বৃহৎ কাঁচাবাজারে হঠাৎ সব দোকান বন্ধ! খালি ব্যাগে ফিরে যাচ্ছেন ক্রেতারাও। বিষয়টি দেখতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মেহেরপুর শহরে। অবৈধ টোল ও চাঁদাবাজির মাধ্যমে হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ করে দিয়েছেন।
আজ সোমবার সকাল থেকে শহরের বড়বাজারে কাঁচাবাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে সড়কের ওপর অবস্থান নেন ব্যবসায়ীরা। এতে বাজারের স্বাভাবিক বেচাকেনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত খাজনার পরিবর্তে অতিরিক্ত খাজনা আদায়, চাঁদাবাজিসহ নানাভাবে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধানে আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় তারা রাস্তায় নেমেছেন।
সরেজমিনে দেখা যায়, তহবাজারের শত শত ব্যবসায়ী কাঁচাবাজারের সব দোকান বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। তাদের দাবী- ইজারাদাররা ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত টোল ও চাঁদা নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, নষ্ট হচ্ছে বাজারের পরিবেশ।
এদিকে শহরের সবচেয়ে বড়বাজার এভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের কাছে এই সমস্যা সমাধান করে বাজারের সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি এলাকাবাসীর।

আপনার মূল্যবান মতামত দিন: