কাহারোলে সরকারি গোডাউন থেকে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ডিলার গ্রেপ্তার
দিনাজপুরের কাহারোল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নশিপুর সরকারি সার গোডাউন থেকে অবৈধভাবে সার বের করে বিক্রির অভিযোগে আনসারুল ইসলাম নামের এক সার ব্যবসায়ী ও ডিলারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নশিপুর সরকারি সার গোডাউনের বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে ও গোপনে কালোবাজারে বিক্রি করে আসছিল। এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি যৌথ দল কাহারোল উপজেলার নশিপুর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোডাউন থেকে অবৈধ উপায়ে সার সরিয়ে বিক্রির অভিযোগে ব্যবসায়ী আনসারুলকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি গোডাউনের সার আত্মসাৎ ও খোলা বাজারে চড়া দামে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাশাপাশি, এই অবৈধ সার সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: