চট্টগ্রামে সন্তানের ছুরিকাঘাতে বাবা-মা নিহত, ঘাতক আটক
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছেন। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিমন দাশ দীর্ঘদিন মাদক আসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও নেওয়া হয়। সকালে তারা মা-বাবা-ছেলে বাহিরে গিয়ে পৌনে ১২টার দিকে বাড়ি পৌঁছে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি দিয়ে তার মাকে কুপিয়ে আঘাত করে। মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবাকেও এলোপাতাড়ি আঘাত করে। তখন স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসে। ততক্ষণে তার মা ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত বাবাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
বাবার মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ দু’টি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: