বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় গ্রেফতার এক, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতারকৃত আসামি রাজ শিকদার (২৩)। তিনি রাজু শিকদারের ছেলে। তার বাড়ি খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা পুলিশ ও খুলনা সদর থানার পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। এ মামলায় আরও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।
এর আগে ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা-আশিক সড়কের মাঝামাঝি একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম (৪৩) বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। ২৩ জুলাই রুজু হওয়া মামলার নম্বর-১০। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও তথ্য-উপাত্তের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাজ শুরু হয় এবং অভিযানে জড়িত একজনকে গ্রেফতার করা সম্ভব হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: