জলঢাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নীলফামারীর জলঢাকায় স্টার নিউজ ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক প্রধান শিক্ষক। আজ শনিবার দুপুরে উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, "গত ২৩ জুলাই 'স্টার নিউজ', ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে 'নীলফামারীতে টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়াই একটি স্কুলে অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগ' শিরোনামে যে সংবাদটি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"
তিনি দাবি করেন, এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম নষ্ট করার পাশাপাশি গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
প্রধান শিক্ষক আরও বলেন, "একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আমার এবং আমার বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে অহেতুক বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে, যা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।"
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, "সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ। কারও বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করার আগে দয়া করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্য নিউজ প্রকাশ করবেন—এটাই আমার প্রত্যাশা।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান, সাবেক বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলাম এবং শৌলমারী ইউপি উদ্যোক্তা দয়াল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মূল্যবান মতামত দিন: