বরিশালে আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালত চত্বরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা নিজ নিজ অবস্থানেই ছিলেন। হঠাৎ গেটের সামনে বিকট একটি শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা দেখেন, কেউ ককটেল বোমাটি ফেলে রেখে গিয়েছিল অথবা পুঁতে রেখেছিল, যা বিস্ফোরিত হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, ‘খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।’
ঘটনার পর আদালত চত্বর ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: