সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভা শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কল্যাণ সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন। পরে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয় সভায় উপস্থাপন করা হয়।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। পাশাপাশি অবশিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় পুলিশ সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পুলিশ মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার চিকিৎসক ডাঃ আবু হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

আপনার মূল্যবান মতামত দিন: