মনিরামপুরে কাকুড়িয়া বিলের জলাবদ্ধতা নিরসনে এমপি-ইউএনওর কাছে স্মারকলিপি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার কাকুড়িয়া বিলের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের দাবিতে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, মনিরামপুর উপজেলার ভোজগাতি, মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়নের মধ্যবর্তী কাকুড়িয়া বিলে অপরিকল্পিতভাবে ঘের ও বেড়ি নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিলে পানি জমে থাকায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কৃষি উৎপাদন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় কাকুড়িয়া বিলের পানি দ্রুত নিষ্কাশন করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, ভোজগাতি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন, বিএনপি নেতা আব্দুল মান্নান দফাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, কাকুড়িয়া বিলের জলাবদ্ধতার বিষয়টি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করা হবে। তদন্তের পর পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: