দুজনেরই শিকার ৫টি করে উইকেট, তাই বল ভাগ করে নিলেন রবিনসন ও টাং
লিডসের হেডিংলিতে গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা স্মরণীয় করে রেখেছেন ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জশ টাং। দুজনেরই শিকার ৫টি করে উইকেট।
একই ইনিংসে দুই ইংলিশ বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা ২০০৬ সালের পর এবারই প্রথম। এমন কীর্তির পর এক অভিনব কাণ্ড করেছেন তারা। ম্যাচের বলটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচের বলটি হাতে নিয়ে মাঠ ছাড়েন রবিনসন ও টাং।
পরে বলটি অর্ধেক করে নেওয়ার সিদ্ধান্ত নেন দুজন। হেডিংলির মাঠকর্মীরা বলটি মাঝ বরাবর কেটে দুই ভাগ করে দেন।
ক্রিকইনফোকে রবিনসন বলেছেন, ‘একই ইনিংসে দুজনের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা খুব বেশি হয় না। তাই বলটা ভাগ করে নেওয়ার ঘটনা আমাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’
বিবিসিকে টাং বলেছেন, ‘রব্বোই (রবিনসন) বলটা অর্ধেক করার কথা বলেছিল। মাঠকর্মীরা দারুণভাবে কাজটা করে দিয়েছেন। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। নিশ্চয় এটা কোথাও রেখে দেব।’
রবিনসনের জন্য কালকের দিনটি ছিল আরো বিশেষ। টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রায় ২০ বছর পর প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। পাকিস্তানের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই ফেরান রবিনসন। পরে টাং লোয়ার অর্ডারে ধস নামিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন।
ব্যক্তিগত জীবনেও দারুণ সময় পার করছেন রবিনসন। গত সপ্তাহেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। আবারো পিতৃত্বের স্বাদ পাওয়া নিয়ে রবিনসন বলেছেন, ‘আরেকটি সন্তান পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি। তাদের ছেড়ে এসে এমন এমন পারফর্ম করতে পারা দিনটিকে আরো মধুর করে তুলেছে। তারা বাড়িতে আছে। তবে পুরো সময় তাদের কথা মনে পড়েছে।’
প্রথম ইনিংস শুরু করতে নেমে ২৫ ওভারে ২ উইকেটে ১১২ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। পাকিস্তানের চেয়ে তারা পিছিয়ে ৫৯ রানে। অধিনায়ক জো রুট ৩৭ ও জর্ডান কক্স ২৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবেন।

আপনার মূল্যবান মতামত দিন: