ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জানিয়েছেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুই নিহত নারীর প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় অটোরিকশার চালকসহ আরও তিন নারী।
তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত আরেক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধারের কাজ চলছে জানিয়ে এসআই খালিদ বলেন, “হাসপাতালে থাকা নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আর আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।”
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: