গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ২৫
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুইটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে পাশের খাদে ছিটকে পড়ে। ট্রাকটি সড়কেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হন। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ট্রাকচালক ও একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আপনার মূল্যবান মতামত দিন: