রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মীর মামুন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত মীর মামুন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে ওই এলাকায় অবস্থান করছিলেন মীর মামুন। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় না লেগে ডান চোখে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে স্বজনরা রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান বলে জানা গেছে।
ঘটনার পর দেবীপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মীর মামুনকে লক্ষ্য করে কারা গুলি চালিয়েছে, হামলার পেছনে কী কারণ বা উদ্দেশ্য ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ হামলার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা বা কাউকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তদন্তের পর হামলার প্রকৃত কারণ, ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং গুলির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে রুপসা খানা পুলিশ জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: