ভুয়া এনএসআই পরিচয় দিয়ে বিয়ে: রংপুরে তরুণ গ্রেপ্তার
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণামূলক বিয়ে করার অভিযোগে মো. লিওন মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে রংপুর গঙ্গাচড়া থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করেছেন।
উপজেলার কচুয়া এলাকায় সংঘটিত এই প্রতারণার মূল অভিযুক্ত লিওন আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকার সাফুল মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিওন নিজেকে এনএসআই-এর 'জুনিয়র ফিল্ড অফিসার' পরিচয়ে মধ্য কচুয়ার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। সরকারি উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার পরিচয়ে বিশ্বাস করেই মেয়ের পরিবার বিয়েতে রাজি হয়েছিল। ভুয়া আইডি কার্ডে তার নাম ‘SOMRAT HOSSAIN SAMIM’ এবং ইস্যুর তারিখ ৮ জুলাই ২০২১ উল্লেখ ছিল।
তবে বিয়ের কিছুদিন পর থেকেই তার আচরণে সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে খোঁজ নিয়ে পরিবার জানতে পারে, যুবকটি নিজের নাম-পরিচয় গোপন করতে জাল এনআইডি ও অঙ্গীকারনামা ব্যবহার করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদেও লিওন প্রতারণার কথা স্বীকার করেছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, লিওন শুধু ভুয়া পরিচয় দিয়েই ক্ষান্ত হননি, তিনি পূর্বের বিয়ের তথ্যও গোপন করেছিলেন। সম্প্রতি তার প্রথম স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতে হাজির হলে আসল থলে থেকে বিড়াল বেরিয়ে আসে। এছাড়া তার বিরুদ্ধে অনলাইন জুয়া এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেজিস্টার করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: