মুরগির খামারের ব্যবসার কথা বলে ১ লাখ ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ, মাগুরা থেকে উধাও দম্পতি
যৌথভাবে মুরগির খামারের ব্যবসা করার কথা বলে এক লাখ ১৫ হাজার টাকা নেওয়ার পর এক দম্পতি সপরিবারে মাগুরা থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ আগস্ট থেকে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় তাদের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার মুরগিরচর এলাকার আব্দুর রশিদ সরদারের মেয়ে শাপলা খাতুন (ছদ্মনাম সুমাইয়া) এবং তার স্বামী সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব দহাকুলা এলাকার মো. আকরাম আলীর ছেলে মো. হাসান আলী (ছদ্মনাম হাবিব) ২০২৫ সালের ডিসেম্বর থেকে মাগুরা শহরের পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সাংবাদিক শাহিনের সঙ্গে ওই দম্পতির পরিচয় হয়। একপর্যায়ে যৌথভাবে মুরগির খামারের ব্যবসা করার প্রস্তাব দিয়ে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট এক লাখ ১৫ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেছেন শাহিন।
ভুক্তভোগী শাহিনের দাবি, ব্যবসা পরিচালনার কথা বলে টাকা নেওয়ার পর গত ২১ আগস্ট ওই দম্পতি কাউকে কিছু না জানিয়ে সপরিবারে ভাড়া বাসা ছেড়ে চলে যান। এরপর থেকে তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
শাহিন বলেন, বর্তমানে ওই দম্পতি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তাদের সঙ্গে যোগাযোগেরও কোনো উপায় পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন তিনি।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দম্পতির পরিচয়, অবস্থান বা বর্তমান ঠিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে ০১৭১০-৭৬১০২৮ অথবা ০১৭৫৭-৫৯৬৪০৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: