ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, আক্রান্ত ৮৩৯ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। আর এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮৩৯ জন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২২ আগস্ট) সকাল ৮টা থেকে আজ (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে আক্রান্ত ৮৩৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৯৫১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ জন।

আপনার মূল্যবান মতামত দিন: