‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা সেবনের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিকালে জামিনে মুক্তি পান তারা। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, মাদকের মামলা না দেওয়ায় জামিন পেয়েছেন আসামিরা।
শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার মনাষ গ্রামের অন্তু মিয়ার ফিশারির পাড়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তারা হলেন, ফকিরের বাজার এলাকার খুকুমণি, সাদুয়ারকান্দা গ্রামের মুমেন মিয়া এবং কলমাকান্দা উপজেলার হুগলা ইউনিয়নের মো. কবির মিয়া।
এ সময় সেখানে ছিলেন স্থানীয় ইউপি সদস্য নাজমুল হুদা। স্থানীয়দের দাবি, আটক তিনজন সেখানে বসে মাদক সেবন করছিলেন। বিষয়টি তারা স্বীকারও করেছেন, যার ভিডিও আছে শফিকুল ইসলাম নামে স্থানীয় একজনের মোবাইল ফোনে।
মাদক আইনে মামলা না করে ‘অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার’ অভিযোগে দণ্ডবিধির ২৯০ ধারায় তাদের আদালতে পাঠায় পুলিশ। বিকালেই তারা জামিনে বের হয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হুদা বলেছেন, ‘এলাকাবাসীকে নিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য মিটিং করব।’
এ বিষয়ে বারহাট্টা থানার এসআই মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা তাদের অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় পাই। সেই কারণে দণ্ডবিধির ২৯০ ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মাদকের কোনো আলামত ঘটনাস্থলে মেলেনি বলে দাবি এসআইয়ের। ‘আমরা যাওয়ার আগে হয়ত মাদক সেবন করে থাকতে পারে। কিন্তু তা আমরা দেখিনি।’

আপনার মূল্যবান মতামত দিন: