নবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে আশুতোষ চন্দ্র শীল (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আশুতোষ চন্দ্র শীল উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট (পালপাড়া) গ্রামের কালীপদ শীলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আশুতোষ চন্দ্র শীল তার স্ত্রী শ্রীমতী অনিতা রানী (৫৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে বড় ছেলে বিধান চন্দ্র শীল (৩১) গুরুতর আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অনিতা রানীকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ও মামলার বাদী বিধান চন্দ্র শীল বলেন, “উন্নত চিকিৎসার জন্য মাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথে জানতে পারি, বাবা তাকে আঘাত করেছেন। মায়ের মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, নিহতের ছেলে তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত আশুতোষ চন্দ্র শীলকে গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: