তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল নয়াদিল্লি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই মুহূর্তে ভারতের কাছে কোনো আপডেট নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নির্দিষ্ট কোনো নতুন তথ্য বা আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।
তিনি আরও বলেন, নেপালের প্রধানমন্ত্রীর সফর নিয়ে যেমনটি আমি এর আগেও একাধিকবার বলেছি। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে যখনই আমার কাছে কোনো নতুন তথ্য বা অগ্রগতি থাকবে, আমি অবশ্যই আপনাদের তা অবগত করব।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। তার মতে, বর্তমান সুযোগটি কাজে লাগাতে পারলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে।

আপনার মূল্যবান মতামত দিন: