বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও সভা করার মদদদাতা। পুলিশ তার বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণ পেয়েছে। বিষয়গুলো আদালতকে বোঝানোর পর বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিল, তাকে সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এতে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, বিজ্ঞ আদালতকে এসব বিষয় পুরোপুরি বোঝানোর পরও বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: