নওগাঁয় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস নিষিদ্ধ মাদক ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রবিবার দিবাগত রাত ১০:৩০ মিনিটে উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আরমানের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও দুটি দেশীয় অস্ত্র সহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আরমান (৩১) এবং মিরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল কাঞ্চন গ্রামের বাসিন্দা মোহাম্মদ আরমান আলীর বাড়িতে অভিযান চালায়। রাত ১০টা ৩০ মিনিটের দিকে শুরু হওয়া এই অভিযানে আরমান আলীর ঘর তল্লাশি করে ৭০ পিস নিষিদ্ধ ‘টাপেন্ডাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর ব্যাপক তল্লাশিতে আরমানের ঘর থেকে উদ্ধার করা হয় একটি বড় রামদা (বাটসহ ৬৯ সেমি লম্বা) এবং একটি এসএস পাইপের হাতলওয়ালা চাইনিজ কুড়াল। উদ্ধারকৃত অস্ত্রগুলোর হাতলে কাপড়ের প্রলেপ লাগানো ছিল, যা সম্ভবত অপরাধমূলক কাজে সুবিধার্থে ব্যবহার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আরমান ও আইজুলের বিরুদ্ধে এর আগেও ৪ থেকে ৫টি করে মাদকের মামলা রয়েছে।
পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সাথে আরও ২ থেকে ৩ জন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

আপনার মূল্যবান মতামত দিন: