সুন্দরগঞ্জে চলাচলের রাস্তা বাঁশ-গাছ দিয়ে বন্ধের অভিযোগ, সরকারি গাছ কর্তন
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল এলাকায় দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের একটি রেকর্ডভুক্ত রাস্তা বাঁশ, গাছ ও বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বামনজল (সুইচ গেটের পশ্চিম পাশ) এলাকার মো. মজনু মিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মো. নূর মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলে আসছে।
অভিযোগ অনুযায়ী, বামনজল মৌজার ৮৪২৩ ও ৮৪২৬ দাগে রেকর্ডভুক্ত দুটি রাস্তা দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগকারীর দাবি, ওই দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা জোরপূর্বক দখল করে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশের ঝাড় লাগিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অভিযোগকারী ও এলাকাবাসী রাস্তা দখল না করে গাছপালা অপসারণ করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার অনুরোধ করলেও বিষয়টির সমাধান হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।
আরও অভিযোগ করা হয়েছে, রাস্তা নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত পক্ষের লোকজন গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে ভবিষ্যতে বড় ধরনের বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন অভিযোগকারী।
লিখিত অভিযোগের সঙ্গে স্থানীয়ভাবে রাস্তা ও বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির বেশ কয়েকটি ছবি সংযুক্ত করা হয়েছে। অভিযোগের অনুলিপি সুন্দরগঞ্জ উপজেলা ভূমি অফিস ও সুন্দরগঞ্জ পৌরসভাতেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী মজনু মিয়া বিষয়টি সরেজমিনে তদন্ত করে রেকর্ডভুক্ত রাস্তা দখল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের চলাচলের রাস্তা অবমুক্ত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মূল্যবান মতামত দিন: