পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
সরকারের কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং সরকারের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করছেন। যদি তিনি মনে করেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে দপ্তর পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন।
তবে এ ধরনের মূল্যায়ন নির্দিষ্ট ১৮০ দিনের কর্মদক্ষতার ভিত্তিতে হবে কি না—এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তথ্য উপদেষ্টা।
সাইবার বুলিং প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে অনেক নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এসব অপপ্রচার প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।
তিনি জানান, সাইবার বুলিং ও ভুয়া তথ্য মোকাবিলায় আইনগত ও কারিগরি দিক বিবেচনায় একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

আপনার মূল্যবান মতামত দিন: