আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়কে আধুনিকায়নের ঘোষণা দিলেন সভাপতি এম আবু ফয়েজ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ এম আবু ফয়েজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভা প্রাণবন্ত আলোচনা ও উন্নয়ন ভাবনায় মুখর হয়ে ওঠে।
সভার শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ-এর নেতৃত্বে শিক্ষকরা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম, শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষকরা জানান, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা কেন্দ্র হলেও বছরের পর বছর ধরে অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া পায়নি। বিদ্যালয়ের দুটি ভবনই অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া শিক্ষকদের জন্য মানসম্মত স্টাফরুম, শিক্ষার্থীদের পৃথক কমনরুম, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা-সহায়ক কক্ষের অভাব শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
শিক্ষকদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার পর সভাপতি এম আবু ফয়েজ বলেন, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম ভিত্তি। তাই এর উন্নয়নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, আমি মাননীয় শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন মহোদয়ের স্নেহধন্য একজন কর্মী। তাঁর দিকনির্দেশনায় দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সভাপতি আরও আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের উত্থাপিত প্রতিটি সমস্যা আমি গুরুত্বসহকারে বিবেচনা করব। বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের কর্মপরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত করতে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”
সভায় উপস্থিত শিক্ষকরা নবনিযুক্ত সভাপতির আন্তরিকতা, উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও বাস্তবমুখী আশ্বাসকে স্বাগত জানান। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মূল্যবান মতামত দিন: